ক্লাউডফ্লেয়ার ডাউনঃ বিশ্বের বিভিন্ন ওয়েবসাইট বিপর্যয়

ক্লাউডফ্লেয়ারের প্রযুক্তিগত বৈকল্যের কারণে হঠাৎ করেই বিশ্বের বহু জনপ্রিয় ওয়েবসাইট অচল হয়ে পড়ে। এক্স, লেটারবক্সডসহ অসংখ্য সাইটে প্রবেশের চেষ্টা করলে ব্যবহারকারীরা ‘ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পেজটি লোড করা সম্ভব হয়নি’- এমন ত্রুটি বার্তা দেখতে পান।

প্রভাবিত ব্যবহারকারীরা আরেকটি বার্তা দেখেন, ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে ‘অভ্যন্তরীণ সার্ভার ত্রুটি’ দেখা দিয়েছে এবং কিছু সময় পর আবার চেষ্টা করার পরামর্শ দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে ক্লাউডফ্লেয়ার জানায়, “আমরা এমন একটি সমস্যার বিষয়ে অবগত, যা বহু গ্রাহকের সেবা ব্যাহত করতে পারে। তদন্ত চলছে এবং তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আপডেট দেওয়া হবে।”

ওয়েবসাইট বিভ্রাট শনাক্তকারী টুল ডাউন ডিটেক্টরও একই সময় সাময়িকভাবে অকার্যকর হয়ে পড়ে। কিছুক্ষণ পর সাইটটি পুনরায় চালু হলে দেখা যায়, বৈশ্বিক ওয়েবসাইট বিভ্রাট নিয়ে নিবন্ধিত রিপোর্ট দ্রুত বেড়ে গেছে।

এই বিপর্যয়ে ঠিক কতগুলো ওয়েবসাইট ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো নিশ্চিত নয়। তবে এর আগেও ক্লাউডফ্লেয়ার সিস্টেমে বড় ধরনের ত্রুটি দেখা দিলে একইভাবে বহু সাইট একযোগে অচল হয়ে পড়েছিল।

 

(মাহমুদ)