তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পণ্যের ওপর ভারতের আরোপিত শুল্ক এবং দেশটির ফটোভোলটাইক খাতে দেওয়া ভর্তুকির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)–তে মামলা করেছে চীন।
বেইজিংয়ের অভিযোগ, এসব পদক্ষেপ ডব্লিউটিওর নিয়মকানুনের পরিপন্থী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, ভারতের আরোপিত শুল্ক ও ভর্তুকি দেশটির অভ্যন্তরীণ শিল্পকে অন্যায্য প্রতিযোগিতামূলক সুবিধা দিচ্ছে, যার ফলে চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, এসব পদক্ষেপ ডব্লিউটিওর বিধিবিধানের স্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে ভারতকে ডব্লিউটিওতে দেওয়া সংশ্লিষ্ট অঙ্গীকার মেনে চলার আহ্বান জানিয়ে অবিলম্বে এসব ‘ভুল নীতি’ সংশোধনের দাবি জানিয়েছে বেইজিং।
আগস্টে ভারতের বিরুদ্ধে দায়ের করা আবেদনে চীন অভিযোগ তুলেছিল যে বৈদ্যুতিক যানবাহন ও ব্যাটারি খাতে দেওয়া ভর্তুকি অন্যায্য। পাশাপাশি, ভারতের সঙ্গে এই ভর্তুকি ব্যবস্থাকে নিয়ে আলোচনা করার জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার মাধ্যমে দিল্লীকে পরামর্শের অনুরোধ করা হয়েছিল।










