ম্যানচেস্টার সিটির সঙ্গে পেপ গার্দিওলার সম্পর্ক যে চিরস্থায়ী নয়, সেটি আবারও স্পষ্ট করেছেন স্প্যানিশ কোচ নিজেই। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, এখনই ক্লাব ছাড়ার কোনো ইচ্ছা তার নেই। ভবিষ্যতের কথা ভেবে ক্লাবকে প্রস্তুত থাকতে বললেও গার্দিওলার দাবি, এই মুহূর্তে তার পুরো মনোযোগ ম্যানচেস্টার সিটির দিকেই।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গার্দিওলা আগামী মৌসুমে থাকবেন কি না—এমন অনিশ্চয়তার মধ্যেই তার সম্ভাব্য উত্তরসূরি খোঁজার প্রক্রিয়া শুরু করেছে ম্যানচেস্টার সিটি। যদিও গার্দিওলার সঙ্গে ক্লাবের চুক্তি রয়েছে ২০২৬–২৭ মৌসুমের শেষ পর্যন্ত। সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে নতুন চুক্তিতে সই করেছিলেন তিনি।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, “আমি এখানে সুখী, আমি থাকতে চাই। তবে ফুটবলে শেষ কথা বলে ফলাফল। যখন অধ্যায় শেষ হবে, তখন ক্লাবই সঠিক মানুষটিকে বেছে নেবে এই অসাধারণ সময়টাকে এগিয়ে নিতে। গত কয়েক বছরে অনেক গুঞ্জন হয়েছে, কিন্তু আমার ইচ্ছা এখনো এখানে থাকার। মৌসুম শেষে দেখা যাবে।”
প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা আর্সেনালের থেকে দুই পয়েন্ট পিছিয়ে থাকা ম্যানচেস্টার সিটি শনিবার ওয়েস্ট হ্যামের মুখোমুখি হবে। ২০২৪–২৫ মৌসুমে বড় কোনো ঘরোয়া শিরোপা জিততে না পারায় ২০১৬–১৭ মৌসুমের পর প্রথমবার ট্রফিশূন্য ছিল সিটি। তবে গ্রীষ্মকালীন পুনর্গঠনের পর চলতি মৌসুমে নতুন চ্যালেঞ্জ উপভোগ করছেন গার্দিওলা।
তিনি বলেন, “আমি উত্তেজিত, কারণ উন্নতির জায়গা আছে। গত মৌসুমটা খুব কঠিন ছিল, কিন্তু আমি হাল ছাড়িনি। এবার অনেক দিক থেকেই ভালো দেখছি দলকে। অনুভূতিটা এখনো ভালো, তাই চালিয়ে যেতে চাই।”
বিদায়ের কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে না দিয়ে গার্দিওলা জানান, বিষয়টি পুরোপুরি অনুভূতির ওপর নির্ভর করে। তার ভাষায়, “যেদিন মনে হবে খেলোয়াড়দের কাছ থেকে আর কিছু বের করে আনতে পারছি না, কিংবা দলকে আরও ভালো করার ছবি কল্পনা করতে পারছি না—সেদিনই বাড়ি ফিরব। এখনো সে অনুভূতি আসেনি।”
২০১৬ সালে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর কমিউনিটি শিল্ড বাদে ১৫টি বড় শিরোপা জিতেছেন গার্দিওলা। এর আগে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখেও ছিল তার সফল অধ্যায়। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে দুই ম্যাচ বাকি থাকতে চতুর্থ স্থানে আছে সিটি। পাশাপাশি প্রিমিয়ার লিগে দ্বিতীয় ও কারাবাও কাপে সেমিফাইনালে রয়েছে দলটি—যা তাকে আরও অনুপ্রাণিত করছে বলে জানান তিনি।
গার্দিওলা বলেন, “জেতা, আবার জেতা—এই তো ফুটবলের কাজ। এটাই আমাকে সকালে ঘুম থেকে উঠতে বাধ্য করে।”
পরের মৌসুমে থাকবেন কি না—এই প্রশ্নে তিনি বলেন, “আমি এখন এখানে। ভবিষ্যতে কী হবে কে জানে? ফুটবল খুব দ্রুত বদলায়। আমি চিরকাল এখানে থাকব না—এ কথা আগেও বলেছি।”
এদিকে গার্দিওলার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে চেলসি কোচ এনজো মারেস্কার নাম আলোচনায় আসায় স্পষ্ট অবস্থান নিয়েছেন ইতালিয়ান এই কোচ। একসময় ম্যানচেস্টার সিটিতে গার্দিওলার সহকারী ছিলেন মারেস্কা।
তিনি বলেন, “এগুলো ১০০ শতাংশ জল্পনা। চেলসির সঙ্গে আমার চুক্তি আছে ২০২৯ সাল পর্যন্ত। আমার পুরো মনোযোগ এই ক্লাবেই। এক সপ্তাহ আগে ইতালিতে থাকায় আমাকে জুভেন্টাসের সঙ্গেও জড়ানো হয়েছিল। আমি এসব পাত্তা দিই না।”
২০২৪ সালের জুনে চেলসির দায়িত্ব নেওয়া মারেস্কা নিশ্চিত করেন, আগামী মৌসুমেও তিনি স্ট্যামফোর্ড ব্রিজেই থাকবেন। সমর্থকদের উদ্দেশে তার আহ্বান, “দলকে সমর্থন দিয়ে যান।”
শনিবার প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে মাঠে নামবে চেলসি। ম্যাচটির আগে মারেস্কা জানান, ইনজুরি কাটিয়ে লিয়াম ডেলাপ ও এস্তেভাও উইলিয়ান প্রত্যাশার চেয়ে দ্রুত ফিরতে পারেন।
এমইউএম/










