হিটলার-নেপোলিয়ন রাশিয়াকে দমাতে ব্যর্থ হয়েছিলেন, ইউরোপও পারবে না: মাত্তেও সালভিনি

ইতালির উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি রাশিয়া ও ইউক্রেনের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে ঐতিহাসিক দৃষ্টান্ত টেনে একটি মন্তব্য করেছেন। তার মতে, নেপোলিয়ন বোনাপার্ট এবং অ্যাডলফ হিটলার অতীতে রাশিয়াকে পরাজিত করতে ব্যর্থ হয়েছিলেন, যা বর্তমান সংঘাতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।

রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার পশ্চিমা প্রচেষ্টা সফল হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইতালির উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইতিহাসের পরাক্রমশালী দুই শাসক অ্যাডলফ হিটলার এবং নেপোলিয়ন বোনাপার্টও রাশিয়াকে হাঁটু গেড়ে বসাতে ব্যর্থ হয়েছিলেন। বর্তমান ইউরোপীয় ইউনিয়নের নেতারা সেই একই পথে হাঁটছেন, তবে তারা সেই শেষ পর্যন্ত ব্যর্থ হবেন। 

সালভিনি আরও বলেন, ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তা কার্যত বুমেরাং হয়েছে। রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করার বদলে বরং এসব নিষেধাজ্ঞা ইউরোপের নিজস্ব অর্থনীতিকে সংকটে ফেলেছে। আকাশচুম্বী জ্বালানি মূল্যের কারণে সাধারণ ইতালীয় পরিবারগুলো চরম বিপাকে পড়েছে।ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া কালাস, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের নাম উল্লেখ করে সালভিনি বলেন, আগের ঐতিহাসিক নায়করা যা অর্জন করতে পারেননি, বর্তমান নেতাদের পক্ষে তা অসম্ভব। মস্কো ইতিমধ্যে পশ্চিমা নিষেধাজ্ঞাকে অবৈধ ঘোষণা করেছে এবং দাবি করেছে যে এর ফলে ইউরোপের দেশগুলোই তাদের ব্যবসায়িক সক্ষমতা হারাচ্ছে।

সালভিনি আরও সতর্ক করে বলেন, রাশিয়ার দিক থেকে কথিত হুমকির কথা বলে ইউরোপে যে সামরিকীকরণের হিড়িক পড়েছে তা অত্যন্ত উদ্বেগের। তার মতে, ইউরোপের আসল নিরাপত্তা ঝুঁকি পূর্ব সীমান্তে নয় বরং দক্ষিণ দিক থেকে আসা অবৈধ অভিবাসন সমস্যার মাঝে নিহিত।

ইতালির এই নেতার মন্তব্যকে স্বাগত জানিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা একে অত্যন্ত সঠিক এবং অকাট্য বলে অভিহিত করেছেন।

মামুন

সূত্র: আরটি