সৌদি প্রো লিগে আল-নাসরের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সব জল্পনা-কল্পনার ইতি টেনে আগামী ১৪ ফেব্রুয়ারি আল-ফাতেহের বিপক্ষে ম্যাচ দিয়েই আবার মাঠে নামবেন পর্তুগিজ সুপারস্টার এমনটাই জানিয়েছে ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন।
৪১ বছর বয়সী রোনালদো ইতিমধ্যে আল-নাসরের দুটি ম্যাচে অনুপস্থিত ছিলেন। তবে তার অনুপস্থিতিতে আল-ইত্তিহাদ ও আল-রিয়াদের বিপক্ষে টানা দুই জয় পেয়েছে দলটি। তবুও দলের অন্যতম প্রধান মুখ হিসেবে তার অনুপস্থিতি নিয়ে ভক্তদের মধ্যে প্রশ্ন ছিল।
ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) ও ক্লাব পরিচালনার সঙ্গে মতবিরোধের জেরেই রোনালদো ম্যাচ বয়কট করেছিলেন। ট্রান্সফার উইন্ডোতে আল-নাসর প্রত্যাশামতো শক্তি বাড়াতে না পারায় তিনি ক্ষুব্ধ ছিলেন।
এই অসন্তোষ আরও বাড়ে, যখন পিআইএফ-সমর্থিত আরেক ক্লাব আল-হিলাল জানুয়ারির দলবদলে আল-ইত্তিহাদ থেকে করিম বেনজেমাকে দলে নিয়ে আসে। নিজের সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থের এই যোগদানকে রোনালদো আল-নাসরের প্রতি অবহেলা হিসেবে দেখেছিলেন। তবে শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে সমঝোতার পথ বের হয়।
সূত্র জানিয়েছে, পিআইএফ রোনালদোর প্রধান দাবিগুলো মেনে নেওয়ার পরই তিনি মাঠে ফেরার সিদ্ধান্ত নেন। আল-নাসরের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে এবং ক্লাব পরিচালনায় শীর্ষ কর্মকর্তাদের আগের মতো স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হয়েছে। ফলে স্পোর্টিং ডিরেক্টর সিমাও কুতিনহো ও সিইও হোসে সেমেদো আবার দায়িত্ব পালন করতে পারবেন।
চলতি মৌসুমে এখন পর্যন্ত আল-নাসরের জার্সিতে ২২ ম্যাচ খেলেছেন রোনালদো; করেছেন ১৮ গোল ও তিনটি অ্যাসিস্ট। লিগ টেবিলে আল-নাসর বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে, চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালের থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে।
-এমইউএম










