নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “মতামত থাকবে, ভিন্নমত থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য্য। কিন্তু এই মতপার্থক্যের কারণে একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ যেন থমকে না যায়, শহীদদের স্বপ্ন ভেঙে না যায়। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।”
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. মাহবুবউল্লাহর বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “২০২৪ সালের জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘকাল চেপে বসা একটি স্বৈরতন্ত্রের অবসান হয়েছে। আমাদের সামনে সুযোগ এসেছে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করার। কোনোভাবেই যেন এই সুযোগ হাতছাড়া না হয়।”
‘ড. মাহবুবউল্লাহ আধুনিক বাংলাদেশ গড়ার অন্যতম নেপথ্যের কারিগর’ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, “ড. মাহবুবউল্লাহর প্রত্যেকটি লেখার মধ্যে দেশপ্রেম, গণতন্ত্র, একটি সত্যিকার স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন ফুটে উঠেছে। বিএনপির ভিশন ২০৩০, পরে রাষ্ট্র সংস্কারের ৩১ দফাতেও তার অবদান রয়েছে। তিনি বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন।”










