শনিবার পাকিস্তানের সামরিক বাহিনী নিয়ে কিছু মন্তব্য করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এক দিনের মধ্যেই তার প্রতিবাদে বিবৃতি জারি করল পাকিস্তান।
পাকিস্তানের সামরিক বাহিনী নিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যে মন্তব্য করেছিলেন, তার প্রতিবাদে বিবৃতি জারি করল ইসলামাবাদ। পাক বিদেশ দফতর থেকে রবিবার ওই বিবৃতি জারি করা হয়েছে এবং জয়শঙ্করের মন্তব্যকে ‘উস্কানিমূলক, দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন’ বলে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে গত মে মাসের ‘অপারেশন সিঁদুর’ এবং দুই দেশের সংঘর্ষের প্রসঙ্গও টেনে আনা হয়েছে পাক বিবৃতিতে।
পাক বিদেশ দফতরের মুখপাত্র তাহির আন্দ্রাবির দাবি, পাকিস্তান একটি অত্যন্ত দায়িত্বশীল রাষ্ট্র। সামরিক-সহ তাদের সমস্ত প্রতিষ্ঠান দেশের এক-একটি স্তম্ভ। পাকিস্তানের নিরাপত্তা, ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার জন্য তারা দায়বদ্ধ। এর পরেই মে মাসের সংঘর্ষের প্রসঙ্গ টেনে বিদেশ দফতরের বিবৃতিতে বলা হয়, ‘‘পাকিস্তানের সামরিক বাহিনী কতটা পেশাদার, মাতৃভূমির প্রতি তারা কতটা দায়বদ্ধ, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানি জনগণের প্রতি তারা কতটা নিবেদিতপ্রাণ, তা ওই সংঘর্ষের সময়েই স্পষ্ট হয়ে গিয়েছে। এই সত্যকে কোনও ভাবেই মুছে দেওয়া যাবে না।’’










