খাতুনগঞ্জের ব্যবসায়িক ঐতিহ্য রক্ষায় কাজ চলছে: প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে দেশের মূল ব্যবসা-বাণিজ্য পরিচালিত হয়। দেশে নতুন সরকারের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। আমরা চাই, খাতুনগঞ্জের ব্যবসা-বাণিজ্যের ভাবমূর্তি আবারও ফিরিয়ে আনতে পারি। ব্যবসায়ীদের মধ্যে যে পারস্পরিক বিশ্বাস রয়েছে, তা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এ লক্ষ্যে স্থানীয় নেতৃবৃন্দ কাজ করবেন।

বৃহস্পতিবার চট্টগ্রাম ক্লাবে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর হেলাল বলেন, বিএনপি অত্যন্ত ব্যবসায়ীবান্ধব দল এবং অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে সবসময় সক্রিয়। এরই অংশ হিসেবে প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১২ লাখ কৃষকের প্রায় দেড় হাজার কোটি টাকার ঋণ মওকুফ করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওজন স্কেল সংক্রান্ত সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে মাহফিলে বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ উপস্থিত ছিলেন।

-সাইমুন