রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি জনপ্রিয় ব্যান্ডের হাতে জাতীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক-২০২৬’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি এই পদক হস্তান্তর করেন।
একুশে পদক প্রদানের এই অনুষ্ঠানটি এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হয়। এদিন সচিবালয়ে দাপ্তরিক বৈঠক শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান পায়ে হেঁটে অনুষ্ঠানস্থল ওসমানী স্মৃতি মিলনায়তনে যোগ দেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। চলতি বছর নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য যারা পদক লাভ করেছেন তারা হলেন: চলচ্চিত্র: ফরিদা আক্তার ববিতা, চারুকলা: অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্য: মেরিনা তাবাশ্যুম, সংগীত (মরণোত্তর): আইয়ুব বাচ্চু, সংগীত (দলগত): ব্যান্ড ওয়ারফেজ, নাট্যকলা: ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতা: শফিক রেহমান, শিক্ষা: অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্য: তেজস হালদার যশ, নৃত্যকলা: অর্থী আহমেদ।
এবারের পদক তালিকায় আধুনিক সংগীতের বিশেষ প্রভাব দেখা গেছে। কিংবদন্তি গিটারিস্ট ও কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চুকে মরণোত্তর একুশে পদক প্রদান করা হয়। পাশাপাশি দেশের জনপ্রিয় হার্ড রক ব্যান্ড ওয়ারফেজ সংগীত দল হিসেবে এ বছর এই সম্মাননা লাভ করে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে পদকপ্রাপ্ত গুণীজনদের অভিনন্দন জানান এবং দেশ ও জাতির উন্নয়নে তাদের সৃজনশীল কাজ অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের সাথে সংক্ষিপ্ত ফটোসেশনে অংশ নেন।
–লামিয়া আক্তার










