অনুমতি ছাড়া মেট্রোরেল স্টেশনে ছবি-ভিডিও করা যাবে না

ঢাকার গণপরিবহন মেট্রোরেল স্টেশনে অনুমতি ছাড়া ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি বা অন্য কোনো ধরনের কনটেন্ট তৈরি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম ১৭ ফেব্রুয়ারি স্বাক্ষরিত সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এটি ডিএমটিসিএলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রো স্টেশন এলাকা, প্ল্যাটফর্ম, কনকোর্স, প্রবেশ ও বহির্গমন পথ, ট্রেনের ভেতর এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শর্ট ভিডিও তৈরি করে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় প্রচার, বাণিজ্যিক বা ব্যক্তিগত ফটোগ্রাফি, লাইভ স্ট্রিমিং বা শুটিং করা যাবে না।

অন্যথায় প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাণিজ্যিক উদ্দেশ্যে ভিডিও বা ফটোগ্রাফির জন্য নির্ধারিত প্রক্রিয়ায় অনুমতির জন্য আবেদন করতে হবে।

-এমইউএম