সরকার পরিবর্তনের পর প্রথম চীনা বিনিয়োগ পাচ্ছে বাংলাদেশ

নির্বাচিত বিএনপি সরকারের আমলে প্রথম বিনিয়োগ আনবে চীন—এমন প্রতিশ্রুতি দিয়েছেন   নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বুধবার বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা জানান। মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরংকুশ ম্যান্ডেট নিয়ে বিজয়ী হওয়ায় বিএনপিকে এবং বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় খন্দকার আব্দুল মুক্তাদিরকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টিতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। নির্বাচিত সরকারের আমলে প্রথম বিনিয়োগ আনবে চীন এবং আগামী পাঁচ বছরে বিএনপি সরকারের হাত ধরেই বড় ধরনের পরিবর্তন আসবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি বাণিজ্যমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার এবং বড় বড় প্রকল্পে বিনিয়োগকারী দেশ। ভবিষ্যতে বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

মন্ত্রী জানান, দেশে বর্তমানে ছয়টি সার কারখানা রয়েছে, তবে গ্যাসের অভাবে উৎপাদন বিঘ্নিত হয়। এলএনজি আমদানি করে সার কারখানা সচল করতে সক্ষম এমন বিনিয়োগকারী খোঁজা হচ্ছে এবং উৎপাদিত সার সরকার কিনে নেবে। পাশাপাশি বন্ধ পাটকলগুলোতেও চীনা বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান তিনি।

এছাড়া ডিজিটাল অবকাঠামো উন্নয়ন, ই-লার্নিং সেন্টার স্থাপন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উন্নয়নে চীনের সহযোগিতা কামনা করেন বাণিজ্যমন্ত্রী। এতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী ভিত্তি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রপ্তানি মো. আবদুর রহিম খান এবং অতিরিক্ত সচিব এফটিএ আয়েশা আক্তার এসময় উপস্থিত ছিলেন।

-সাইমুন