বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন মোস্তাকুর রহমান

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন মোস্তাকুর রহমান। এই নিয়োগ প্রক্রিয়া বর্তমানে চলছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মোস্তাকুর রহমান বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হবেন।

এর আগে, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকার ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তিনি তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হন।

মোস্তাকুর রহমান এর আগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের মে মাসে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক গোলাম মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন-এ পরিচালক পদে পদোন্নতি দিয়ে বদলির আদেশ জারি করা হয়।

মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে বিবিএ ও এমবিএ শেষ করে ১৯৯৯ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। এরপর তিনি ফরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (এফআরটিএমডি), ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি, এবং কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট (এফআইসিএস)-এ কাজ করেছেন। সর্বশেষ বিএফআইইউ-তে অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোস্তাকুর রহমানের বাড়ি খুলনার দিঘলি উপজেলার দেয়াড়া গ্রামে। তিনি পরিবারে এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক।

-এমইউএম