আমি নেত্রী নই, থাকতে চাই অভিনেত্রী হিসেবেই-অপরাজিতা আঢ্য

টালিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য রাজনীতির ময়দানে নামবেন এমন গুঞ্জন সম্প্রতি নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়েছে। তৃণমূলের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত এই অভিনেত্রী জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুভেচ্ছা পেলেও, সরাসরি রাজনীতিতে নামার কথা অস্বীকার করেছেন।

সাক্ষাৎকারে অপরাজিতা বলেছেন, “রাজনীতিতে আসতে গেলে যে পড়াশোনার দরকার, তা আমার নেই। আর ওটা আমার প্যাশনও নয়। আমি নেত্রী নই, থাকতে চাই অভিনেত্রী হিসেবেই। নাচ, গান এবং অভিনয়টাই আমার ভালো লাগে। অজানা ক্ষেত্রে পা দিলে নিজেকে হাসির খোরাক করতে পারি।”

তিনি আরও যোগ করেছেন, ভোটের ময়দানে নামার যোগ্যতা বা ইচ্ছে তার নেই। তবুও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা অটুট। নিজের ব্যক্তিগত ভালোবাসাকে ভোটের বাক্সে প্রয়োগ করতে আপাতত তিনি প্রস্তুত নন।

অপরাজিতার এই সোজাসাপ্টা মন্তব্য নেটপাড়ায় প্রশংসিত হয়েছে, যেখানে তিনি স্পষ্ট করেছেন যে রাজনীতি তার পথ নয়, অভিনয়ই তার আসল পরিচয়।

-বিথী রানী মণ্ডল