হালিশহরে গ্যাস লাইন বিস্ফোরণ: মৃত্যুর সংখ্যা বেড়ে ৪

চট্টগ্রামের হালিশহরে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ আসুরা আক্তার পাখি (৩০) মারা গেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৭ মিনিটের দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান পাখির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাখি আক্তারের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর পাশাপাশি তার শ্বাসনালিতে দগ্ধজনিত মারাত্মক ক্ষতি (ইনহেলেশন ইনজুরি) থাকায় তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল ছিল। দীর্ঘ লড়াই শেষে আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই একই বিস্ফোরণের ঘটনায় ইতিপূর্বে আরও তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন: নুরজাহান আক্তার, শাওন (নুরজাহান আক্তারের ছেলে), সুমন (নুরজাহান আক্তারের দেবর), আসুরা আক্তার পাখি (সর্বশেষ মৃত)

এই ঘটনায় একই পরিবারের মোট নয়জন দগ্ধ হয়েছিলেন। বর্তমানে আরও ৫ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন, যাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাসে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। দগ্ধদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত ঢাকায় পাঠানো হয়। নিহত পাখির বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার রহিমানগর গ্রামে এবং তিনি আবুল বাশারের মেয়ে।

লামিয়া আক্তার