গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের রিশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা মুকসুদপুরের এস. জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে রাফসান রাফি ও তার সহপাঠী অনুজ মজুমদার গুরুতর আহত হন। রাফসান রাফি মুকসুদপুর পৌরসভার দক্ষিণ চন্ডিবরদী এলাকার জাহিদ মিয়ার ছেলে, আর অনুজ মজুমদার শিমুলশুর গ্রামের শিশির মজুমদারের ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত দুজনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক রাফসান রাফিকে মৃত ঘোষণা করেন।

অনুজ মজুমদারও চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। দশম শ্রেণির দুই স্কুলছাত্রের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

-সাইমুন