৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে: ভূমিমন্ত্রী

ভূমি সেবা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ ও অবিশ্বাস আছে, তা দূর করতে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আগামী ছয় মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

আজ মঙ্গলবার সকাল ১১টায় তেজগাঁওস্থ ভূমি ভবনে অবস্থিত সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টার (১৬১২২) পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী বলেন, কলসেন্টারের ব্যাপক প্রচার প্রয়োজন যাতে প্রান্তিক মানুষ ভূমি সেবা থেকে বঞ্চিত না হয়। সিটিজেন কেয়ার সেন্টার ও কল সেন্টারের সেবার পরিধি বৃদ্ধি করতে হবে, যাতে প্রতিদিন কমপক্ষে ২ হাজার মানুষ সেবা পায়, যা বর্তমানে ২০০–৩০০ জনের মধ্যে সীমাবদ্ধ।

তিনি আরও জানান, সেবাখাতে ঘুষ ও দুর্নীতি বন্ধ করতে সরকার কার্যকর ব্যবস্থা নেবে। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ভূমি মন্ত্রণালয়ে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি থাকবে। পূর্বের দায়িত্বপ্রাপ্তরা ঘুষ-দুর্নীতিতে দেশ-বিদেশে সমালোচিত হয়েছেন। আমাদের পূর্বপুরুষরা কৃষক ছিলেন, সেই প্রতিচ্ছবি সামনে রেখে কাজ করা হবে।

মন্ত্রী আরও নির্দেশ দেন, ভূমি খাতের অভিযোগ, আপত্তি ও আপীল নিষ্পত্তিতে সময় কমানো এবং প্রয়োজনে বিকল্প বিরোধ নিষ্পত্তি (Alternative Dispute Resolution–ADR) ব্যবস্থার মাধ্যমে ভূমি মামলাগুলো দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে। আপত্তি ও আপীল নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণেরও নির্দেশ দেন তিনি।

পরিদর্শনের সময় ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। পরে ভূমি ভবনের সভাকক্ষে সিনিয়র সচিব এ এস এস সালেহ আহমেদ-এর সভাপতিত্বে প্রকল্প পরিচালকদের অংশগ্রহণে ১৬৩তম পিডি সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিভিন্ন প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ দেন এবং ভূমিসেবা সহায়তা কেন্দ্র, ভূমি অ্যাপ আরও জনবান্ধব করার জন্য নির্দেশনা দেন।

-এমইউএম