শেরপুরে জমিজমা বিরোধে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ

শেরপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচার, মানহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী উজ্জল কুমার রায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। উজ্জল কুমার রায় উপজেলার খানপুর ইউনিয়নের ভান্ডার কাফুরা ভদ্রপাড়া এলাকার মৃত অন্তিম চন্দ্র রায়ের ছেলে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, একই এলাকার তার কাকাতো ভাই রমেন রায় ও রমেন রায়ের ছেলে নয়ন রায়-এর সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে।

উজ্জল কুমার রায় বলেন, সম্প্রতি প্রতিপক্ষের খড়ের পালায় আগুন লাগার ঘটনায় প্রকৃত দোষী শনাক্ত না করেই তাদের পরিবারকে দায়ী করার চেষ্টা করা হয়েছে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

তিনি আরও অভিযোগ করেন, গত ১৯ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে তার কলেজপড়ুয়া ছেলে শুভ রায়-এর বিরুদ্ধে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে দাবি করা হয়, শুভ রায় প্রতিপক্ষের মেয়েকে উত্যক্ত ও সম্মানহানি করার চেষ্টা করেছেন। তিনি এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ছাত্রলীগের ক্যাডার পরিচিত পলাতক আসামী রিপন রায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুভ রায়কে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এতে পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানান উজ্জল কুমার রায়।

অভিযোগের বিষয়ে নয়ন রায়ের মোবাইলে ফোন করলে তার মেয়ে প্রিয়াঙ্কা রায় পূজা জানান, “আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে, যার সুনির্দিষ্ট প্রমাণও আমাদের কাছে রয়েছে। এর প্রেক্ষিতে আমরা শেরপুর থানায় অভিযোগ দায়ের করেছি।”

শুভ রায়কে প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে রিপন রায় বলেন, “শুভ রায় ঘটনা স্বীকার করেছে, কিন্তু আমি তাকে প্রাণনাশের কোনো হুমকি দিইনি।”

-শফিকুল ইসলাম বাবলু, বগুড়া