রাজশাহী অগ্নিকাণ্ডে ছাই দুই বিঘা পানের বরজ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় দুটি পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চাষীর প্রায় দুই বিঘা জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পানের বরজে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামের বাগমারা বিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় এলাকার মসজিদে এশার নামাজ শেষে তারাবির নামাজও শেষ পর্যায়ে ছিল। এ সময় স্থানীয় লোকজনের আগুন-আগুন আত্মচিৎকারে সবাই এসে দেখে পানের বরজে আগুন জ্বলছে। এ সময় যে যার মতো করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। স্থানীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনায় তারা ফিরে যায়। এ আগুনে উপজেলার রসুলপুর এলাকার নজরুল ইসলামের এক বিঘা ও পারিলা গ্রামের গোলাম নবীর ১৮ কাঠা জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের ডিউটিরত ফায়ারকর্মী মোহাম্মদ আলী বলেন, আগুন নিভে যাওয়ার খবরে আমরা রাস্তা থেকে ফিরে আসি।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এখনো বলা যাচ্ছে না—কীভাবে আগুন লেগেছে পানের বরজে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

-সাইমুন