জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়েরকৃত মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, ড. শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪’ এর ২৭(১) ধারায় একটি মামলা তদন্তাধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার প্রকৃত আয় ও সম্পদের তথ্য যাচাই করা জরুরি হয়ে পড়েছে।
দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন আদালতে আয়কর নথি জব্দের আবেদন জানান। আবেদনে বলা হয়, আসামির আয়-ব্যয়ের সঠিকতা যাচাই এবং এর বাইরে তার আর কোনো গোপন সম্পদ আছে কি না, তা পরীক্ষা করতে ২০১৩-১৪ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত অর্থাৎ গত ১১ বছরের আয়কর নথিপত্র পর্যালোচনা করা প্রয়োজন।
দুদক আইন ও বিধিমালা অনুযায়ী, আসামির ঘোষিত আয়ের সঙ্গে বাস্তব সম্পদের সঙ্গতি আছে কি না, তা কেবল আয়কর নথির মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব। আদালতের এই আদেশের ফলে দুদক এখন আনুষ্ঠানিকভাবে এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) থেকে তার দীর্ঘকালীন ট্যাক্স ফাইলসমূহ সংগ্রহ ও তদন্ত করতে পারবে।
–লামিয়া আক্তার










