সুনামগঞ্জে বাজার মনিটরিং করতে গিয়ে ৮০ টাকা হালির লেবু ৪০ টাকায় বিক্রির নির্দেশ দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সোমবার স্টেশনরোড এলাকায় খুচরা বিক্রেতাদের দোকানে অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।
অভিযানকালে এক দোকানে লেবুর দাম জানতে চাইলে দোকানদার ৪০ টাকা হালি বিক্রির কথা জানান। এ সময় জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে উপস্থিত ক্রেতাদের প্রয়োজন অনুযায়ী লেবু কিনতে আহ্বান জানান।
খবর ছড়িয়ে পড়তেই দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। লেবু নিতে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসক সবাইকে এক হালির বেশি লেবু না কেনার অনুরোধ করেন। অল্প সময়ের মধ্যেই দোকানের সব লেবু বিক্রি হয়ে ঝাঁকা খালি হয়ে যায়।
উপস্থিত ক্রেতা নবী নগরের বাসিন্দা অজিৎ বাবু বলেন, দোকানে ম্যাজিস্ট্রেটে ধরার পর ৪০ টাকা হালি বিক্রি করেছে। এজন্য একহালি কিনতে পেরেছি।
সুনামগঞ্জ পৌর শহরের বাসিন্দা আফাজ মিয়া বলেন, ডিসি স্যার আওয়াতে আমরা রক্ষা পাইছি। আগে ৮০ টাকার এখন ৪০ টাকা দরে কিনছি। মোবাইল কোর্ট লইয়া ডিসি স্যার আওয়ার পরে দুইটি লেবু ২০ টাকা দিয়ে পাইছি।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুনজিত কুমার চন্দ, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সেখ মো. রতনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
–মোঃ মাইনুদ্দীন, সুনামগঞ্জ










