বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার মুরং বাজারে আজ বিকেল ৫টার দিকে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে একটি সফল অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সেনা সদস্যরা সন্ত্রাসীদের অবৈধ চাঁদা আদায়ের সময় তাদের শনাক্ত করতে সক্ষম হন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান চলাকালে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে এবং সেনাবাহিনীর টহল দলের ওপর গুলি ছোড়ে। সেনারা পাল্টা গুলি বর্ষণ করে তাদের ধাওয়া করলে সন্ত্রাসীরা প্রাথমিকভাবে একটি স্কুল ঘরে আশ্রয় নেয়ার চেষ্টা করে, তবে পরে সেই স্থান থেকে পালিয়ে যায়।
সেনা টহল দল ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ইউনিফর্ম পরিহিত হ্লামংনু মার্মা নামক একজন সশস্ত্র সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তাকে জরুরী ভিত্তিতে পুলিশের সহায়তায় বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে: ১টি সাবমেশিনগান (SMG), ১৪৩ রাউন্ড SMG অ্যামোনিশন, ১৪ রাউন্ড পিস্তলের অ্যামোনিশন, ৫ রাউন্ড ব্লাঙ্ক অ্যামোনিশন, ২টি অস্ত্রের ম্যাগাজিনসহ অন্যান্য সরঞ্জামাদি।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় তারা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।
-সাইমুন










