চাকরি ফিরে পাচ্ছেন সাড়ে ৬০০ এসআই : স্বরাষ্ট্রমন্ত্রী

২০০৬ সালে চূড়ান্ত নিয়োগ বাতিল হওয়া পুলিশের প্রায় সাড়ে ৬০০ জন উপপরিদর্শক (এসআই) ও সার্জেন্ট চাকরি ফেরত পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান।

নিয়োগ বাতিল হওয়া পুলিশ কর্মকর্তাদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের ফাইলটা প্রধান উপদেষ্টার দপ্তরে পেন্ডিং ছিল। শেষ পর্যন্ত অনুমোদন করে নাই। তারা (চাকরি বাতিল হওয়ারা) ন্যায়বিচার পাবে। আদালতের রায় অনুসারেই তাদের চাকরি ফেরত পাওয়ার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার দপ্তরে জানানো হয়েছিল। কী কারণে সেটা অনুমোদন হয়নি, জানি না। তবে অবশ্যই তারা ন্যায়বিচার পাবে, নিয়োগ পাবে।’

তিনি বলেন, ‘খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭০১ জন কনস্টেবল জরুরি ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এটা দ্রুত বাস্তবায়ন শুরু হবে। আমাদের প্রধান উদ্দেশ্য জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করা।’

পুলিশের কাজে হস্তক্ষেপ বিষয়ে সতর্ক করে সালাহউদ্দিন আহমদ বলেন, কেউ পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করতে পারবে না। যদি কেউ বাধা বা হস্তক্ষেপ করে তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো আমরা আবারও ভেরিফাই করবো। সেগুলো যথাযথ প্রক্রিয়ায় হয়েছে কি না, আমরা সেটা খতিয়ে দেখব। আমরা আশা করি এটা দ্রুততার সঙ্গে করতে পারব। লাইসেন্স যারা পেয়েছে তারা এটা পাওয়ার উপযুক্ত কি না সেটা যাচাই করা হবে। যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে লাইসেন্স পেয়েছে সেগুলো বাতিল করা হবে। এসব লাইসেন্সের অধীনে অস্ত্র থাকলে সেগুলোও বাতিল হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার জানা মতে দশ হাজারের বেশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। সেগুলো এখন অবৈধ। এগুলো নিয়ে মামলা হতে পারে। যথাযথ প্রক্রিয়ায় এগুলো উদ্ধার হবে।’

-বেলাল