ঐক্যবদ্ধভাবে উন্নয়নে কাজের অঙ্গীকার সুনামগঞ্জের এমপিদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের সংবর্ধনা ও মতবিনিময় সভা আজ সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসন-এর আয়োজনে বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেছেন। সুনামগঞ্জের সকল সংসদ সদস্য ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবেন বলেও তারা জানান। বক্তারা আরও বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তারা কাজ করে যাচ্ছেন এবং এ ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।

বক্তারা জেলায় চাঁদাবাজি, সন্ত্রাস ও হয়রানিমূলক কর্মকাণ্ড রোধে কঠোর অবস্থানের কথাও জানান এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ-১ (তাহিরপুর-মধ্যনগর-জামালগঞ্জ-ধর্মপাশা) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমেদ, সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন পিপিএম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, নাদির আহমদ, রেজাউল আহমেদ, আকবর আলী, সুহেল আহমেদসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও সাংবাদিকরা।

মোঃ মাইনুদ্দীন, সুনামগঞ্জ