কুষ্টিয়া প্রতিনিধি
“কোনো ক্যারম, কোনো টিভি চলবে না; এককথায় শেষ, রমজান মাস।”—কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী বাজারে গিয়ে এক চা দোকানিকে আঙুল উঁচিয়ে এমন কড়া নির্দেশ দিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘটা এই ঘটনার সময় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজাও ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা পোশাকে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পাটিকাবাড়ী ক্যাম্পের ইনচার্জ (এসআই) মসিউল আজম দোকানিকে ধমক দিয়ে বলছেন, “আমি সেদিন বাজার কমিটিকে ডেকে বলে গেছি না, তারাবির এক মাস কোনো ক্যারম, কোনো টিভি চলবে না। কেন চলল?”
এমপির উপস্থিতি ও মন্তব্য
এসময় পাশে দাঁড়িয়ে থাকা সংসদ সদস্য আমির হামজা বলেন, “যাই করবেন, নামাজের সময় যেন এইসব না করে। রমজান মাস, ইবাদতের মাস।”
ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভিন্ন সুর
এসআই মসিউল আজম দাবি করেছেন, তিনি ওপর মহলের নির্দেশেই কথা বলেছেন এবং এটি ইসলামের প্রতি সম্মান প্রদর্শন। তবে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, “ওই কর্মকর্তাকে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।”
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) জসীম উদ্দিন বিষয়টি স্পষ্ট করে বলেন, “এটা কোনো পুলিশি নির্দেশনা না। রোজার দিনে চায়ের দোকান খোলা থাকবে কি না, সেটা আইনকানুনের বিষয় না; এটা মানুষের অনুভূতির বিষয়। এর জন্য আমরা কাউকে জেল-ফাঁসি দিতে পারি না।”
স্থানীয়রা জানান, এসআই মসিউল মাঝেমধ্যে মসজিদে ওয়াজও করেন। তবে হঠাৎ বিনোদনের মাধ্যম বন্ধ করে দেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ।









