ভেনেজুয়েলায় নতুন আইনে রাজনৈতিক বন্দীদের মুক্তি কার্যক্রম শুরু

ছবিঃ সংগৃহীত

নতুন আইন অনুযায়ী রাজনৈতিক বন্দীদের সাধারণ ক্ষমা (অ্যামনেস্টি) পাওয়ার জন্য এখন পর্যন্ত ১,৫৫৭ জন আবেদন করেছেন। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ শনিবার এক সংবাদ সম্মেলনে জানান, এরই মধ্যে শত শত বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাজনৈতিক নেতা হুয়ান পাবলো গুয়ানি। খবর বিবিসির।

তবে বিরোধী শিবিরের কয়েকজন নেতা এই আইন সমালোচনা করেছেন। তাঁদের অভিযোগ, নির্দিষ্ট কিছু বন্দীকে পরিকল্পিতভাবে তালিকার বাইরে রাখা হয়েছে। আইনটি ৩ জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর গ্রেপ্তারের পর কার্যকর করা শুরু হয়েছে। হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, শেষ পর্যন্ত ১১ হাজারের বেশি বন্দী এই আইনের সুবিধা পাবেন।

আইনের আওতায় আপাতত কারাকাসের কুখ্যাত কারাগার এল হেলিকোয়েদের ‘জোনা সেভেন’ থেকে বন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে। তবে বিশেষ কিছু প্রাক্তন সামরিক কর্মকর্তা এবং বিদেশি হস্তক্ষেপ আহ্বানকারী ব্যক্তিদের এই ক্ষমার বাইরে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে।

মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছে, যেখানে তিনি ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস মাদক ও অস্ত্র-সংক্রান্ত অভিযোগের বিচারপ্রক্রিয়ার অপেক্ষায় রয়েছেন।

-বেলাল