রাজধানীর মিরপুরের কল্যাণপুরে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণকে হত্যার অভিযোগে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ৬ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।
ট্রাইব্যুনাল পলাতক আসামিদের হাজির হওয়ার জন্য শেষ সুযোগ হিসেবে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৮ মার্চ দিন ধার্য করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষে আজ শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
এই মামলায় মোট আসামি আটজন। তাদের মধ্যে সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া বর্তমানে গ্রেফতার রয়েছেন। পলাতক ৬ আসামি হলেন: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, সাবেক সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, সাবেক যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায়, সাবেক যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন
২০১৬ সালের ২৫ জুলাই দিবাগত রাতে কল্যাণপুরের ৫ নম্বর রোডের জাহাজবাড়িতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ‘অপারেশন স্ট্রম-২৬’ পরিচালনা করে। সেই অভিযানে ৯ তরুণকে গুলি করে হত্যা করা হয়, যাকে তৎকালীন সরকার জঙ্গি আস্তানায় সফল অভিযান হিসেবে দাবি করেছিল। তবে পরবর্তীকালে এটি একটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ ও ‘জঙ্গি নাটক’ হিসেবে অভিহিত করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়।
এর আগে গত ২৯ জানুয়ারি আট আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছিলেন ট্রাইব্যুনাল এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। পলাতক আসামিরা হাজির না হওয়ায় এখন নিয়ম অনুযায়ী পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।