পবিত্র রমজান মাসে ওমরাহ পালনকারীদের নিরাপত্তা, সুশৃঙ্খল চলাচল এবং নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। এটি একটি সমন্বিত অপারেশনাল পরিকল্পনার অংশ, যেখানে ভিড় নিয়ন্ত্রণ, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া এবং ইবাদতের সময় নির্বিঘ্ন চলাচলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
রমজানে বিশেষ করে শেষ দশ রাতে লাখো মুসল্লি মসজিদুল হারামে সমাগম করেন। এই সময়ে নামাজের আগে ও পরে কেন্দ্রীয় এলাকায় তীব্র ভিড় দেখা দেয়। মুসল্লিদের নিরাপত্তাকর্মীর নির্দেশনা, সাইনবোর্ড এবং নির্ধারিত হাঁটার পথ অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রবেশপথে ডিজিটাল ইন্ডিকেটর চালু করা হয়েছে – সবুজ মানে নামাজের জায়গা খোলা, লাল মানে পূর্ণ। গণপরিবহন ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে এবং ব্যস্ত সময়ে কেন্দ্রীয় এলাকায় ব্যক্তিগত গাড়ি চলাচলে বিধিনিষেধ থাকবে। বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা নামাজের জায়গা, অগ্রাধিকারের পথ এবং ইলেকট্রিক কার্টের ব্যবস্থা করা হয়েছে।
মুসল্লিদের পর্যাপ্ত পানি পান, পর্যাপ্ত বিশ্রাম এবং অতিরিক্ত গরম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি নির্গমন পথ সম্পর্কে সচেতন থাকা, অতিরিক্ত বৈদ্যুতিক লোড এড়িয়ে চলা এবং অগ্নি নির্বাপণ সরঞ্জাম সহজপ্রাপ্য রাখা বাধ্যতামূলক।
ব্যক্তিগত সামগ্রী নিরাপদে রাখা, ডিজিটাল মাধ্যমে অফিসিয়াল ওমরাহ পারমিট সংগ্রহ এবং নির্ধারিত সময়সূচি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। অস্ত্র বহন, ধূমপান, ভিক্ষা, অননুমোদিত পণ্য বিক্রি বা রক্ষণাবেক্ষণাধীন এলাকায় প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। সন্দেহজনক কোনো কর্মকাণ্ড দেখা দিলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।
-এমইউএম










