ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ না কাটতেই উত্তপ্ত হয়ে উঠেছে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের রাজনৈতিক অঙ্গন। নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের আজকের নির্ধারিত হারাগাছ সফরকে কেন্দ্র করে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে স্থানীয় বিএনপি। শুরুতে হরতালের ঘোষণা দেওয়া হলেও জনভোগান্তির কথা বিবেচনা করে তা পরিবর্তন করে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এনসিপি প্রার্থী আখতার হোসেন শাপলা প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা পান ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট। নির্বাচনের পর থেকেই কারচুপির অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবিতে আন্দোলন করে আসছেন ভরসা ও তার সমর্থকরা। তাদের দাবি, জনগণের প্রকৃত রায় ছিনতাই করে আখতার হোসেনকে জয়ী করা হয়েছে।
শনিবার বিকেলে হারাগাছ পৌর বিএনপির পক্ষ থেকে আজ রোববার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হরতাল পালনের মাইকিং করা হয়। তবে রাতে এক প্রতিবাদ সমাবেশ থেকে পৌর বিএনপির সভাপতি মোনায়েম হোসেন ফারুক জানান, রমজানের আগে সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করে হরতাল প্রত্যাহার করা হয়েছে। এর বদলে আজ ‘রংপুর-৪ এর সাধারণ ভোটারের’ ব্যানারে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করবে তারা।
একদিকে বিএনপির বিক্ষোভ, অন্যদিকে সংসদ সদস্যের সফর-এই দুই বিপরীতমুখী কর্মসূচি ঘিরে হারাগাছে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান জানান, সংসদ সদস্যের সফরকে কেন্দ্র করে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেজন্য শহরজুড়ে পর্যাপ্ত পুলিশ মো মোতায়েন করা হয়েছে।