ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ফুলপুর সদরে ধানের শীষের এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে মোতাহার হোসেন বলেন, আমি এমপি হতে নয়, আপনাদের প্রতিনিধি হতে চাই। তিনি আরও বলেন, ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। আপনারা ১৭ বছর ভোট দিতে পারেননি। আপনারা ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে যাবেন এবং ধানের শীষকে বিজয়ী করে ঘরে ফিরবেন, ইনশাআল্লাহ।
বিএনপির এই প্রার্থী বলেন, নির্বাচনে আপনারা আমাকে জয়ী করতে পারলে জনগণ এই এমপিকে কাছে পাবে। জনগণ দুর্দিনে-দুঃসময়ে এই মোতাহার হোসেন তালুকদারকে পাশে পাবে। আপনারা আমাকে মোবাইলে পাবেন, সামনাসামনি পাবেন। সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে আমরা ফুলপুর-তারাকান্দাকে উন্নয়নের ধারায় ফিরিয়ে নিয়ে আসব।
ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
-সাইমুন










