পঞ্চগড়ে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

পঞ্চগড়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রাত ১২টা ১ মিনিটে শুরু হয় পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি।

সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম এবং সদর উপজেলার নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা।

উপস্থিত অতিথিবৃন্দ ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন।

পর্যায়ক্রমে পঞ্চগড় জেলা বিএনপি, পৌর যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও সরকারি-বেসরকারি দপ্তর ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

পরে সাধারণ মানুষের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হলে সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধায় বেদি ভরিয়ে তোলেন। শ্রদ্ধা নিবেদন শেষে অতিথিবৃন্দ একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখা ও দেশপ্রেমে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।রক্তে রাঙানো একুশের এই প্রভাতে পঞ্চগড়বাসী আবারও উচ্চারণ করেছেআমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড়