পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া-র বান্নু জেলায় সামরিক অভিযানের সময় বিস্ফোরকবোঝাই মোটরসাইকেল হামলায় এক লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনাসদস্য নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। খবর আলজাজিরার।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর একটি কনভয়ের গাড়িতে মোটরসাইকেল আরোহী হামলাকারী আঘাত হানে। অভিযানে অন্তত পাঁচজন সশস্ত্র হামলাকারী নিহত হয়, যাদের একজনকে ‘আত্মঘাতী বোমারু’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সেনাবাহিনী দাবি করেছে, অগ্রবর্তী নিরাপত্তা দল হামলাকারীকে থামাতে সক্ষম হওয়ায় বেসামরিক নাগরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর বড় ধরনের হামলা এড়ানো গেছে।
বিবৃতিতে হামলাকারীদের ‘খাওয়ারিজ’ হিসেবে উল্লেখ করা হয়-যে শব্দটি নিষিদ্ধ সংগঠনগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, যার মধ্যে তেহরিক-ই-তালেবান পাকিস্তানও রয়েছে। ইসলামাবাদ বরাবরই কাবুলের তালেবান প্রশাসনের বিরুদ্ধে তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে, যদিও কাবুল তা অস্বীকার করেছে।
বান্নু জেলা দীর্ঘদিন ধরেই সহিংসতার ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। ২০২২ সালের শেষ দিকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান সরকারের সঙ্গে যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে প্রদেশজুড়ে হামলার ঘটনা বেড়েছে।
এ সপ্তাহের শুরুতেও প্রদেশটিতে পৃথক বোমা হামলা ও বন্দুকযুদ্ধে এক শিশুসহ একাধিক নিরাপত্তা সদস্য নিহত হন বলে সামরিক সূত্র জানিয়েছে।
পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, দায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং দেশের নিরাপত্তা রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ।
-বেলাল










