টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে প্রধান কোচ জোনাথন ট্রটের পদত্যাগের পর নতুন কোচ খোঁজা শুরু করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে এবার কোচ নিয়োগে বিশেষ একটি শর্ত আরোপ করেছে বোর্ড—অফ-সিজনে নতুন কোচকে অবশ্যই আফগানিস্তানে অবস্থান করতে হবে।
এসিবির প্রধান নির্বাহী নাসিব খান জানিয়েছেন, নতুন প্রধান কোচ ও বিদেশি কোচিং স্টাফদের চুক্তিপত্রে কর্মস্থল হিসেবে আফগানিস্তানের নাম উল্লেখ করা হয়েছে। বোর্ডের লক্ষ্য, জাতীয় দলের কোচরা যেন ঘরোয়া ক্রিকেট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পারেন এবং স্থানীয় প্রতিভা মূল্যায়নের সুযোগ পান।
আন্তর্জাতিক সিরিজ না থাকলে কোচিং স্টাফরা যেন দলের দুর্বল দিকগুলো নিয়ে কাজ করতে পারেন—এটিও বোর্ডের অগ্রাধিকার। নাসিব খান ক্রিকবাজকে বলেন, “আমরা চাই জাতীয় দলের কোচরা ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়দের ওপর নজর রাখুন। সিরিজ না থাকলে তারা দলের দুর্বল জায়গাগুলো উন্নত করার কাজে সময় দেবেন।”
আগামী ১৩ থেকে ২৫ মার্চ দুবাই ও শারজাহতে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আফগানিস্তান। বোর্ড আশা করছে, ওই সিরিজের আগেই নতুন কোচ নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হবে। ইতোমধ্যে তিনজনকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে এবং তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নাসিব খান। নিয়োগ সম্পন্ন হলেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান গ্রুপ পর্বেই বিদায় নিলেও শ্রীলঙ্কা সুপার এইটে জায়গা করে নিয়েছে। শ্রীলঙ্কা সিরিজের আগে নতুন কোচিং প্যানেল নিয়োগ আফগান ক্রিকেটে কাঠামোগত পরিবর্তনের সূচনা করবে বলে মনে করছে এসিবি।
-এমইউএম










