একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

পঞ্চগড় কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার একুশের প্রথম প্রহরে শহিদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বিগত দিনে যেমন আমাদের মাতৃভাষাকে কেউ কেড়ে নিতে পারেনি, ঠিক তেমনি বর্তমানে আমরা যে গণতন্ত্র ও বিজয়ের পথে এগিয়ে যাচ্ছি, সেই গণতন্ত্রকেও কেউ নস্যাৎ করতে পারবে না।

তিনি আরো বলেন, মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হল। বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে চরম শোক ও বেদনার, অনদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত।

১৯৫২ সালের এ দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে আমাদের শহিদ ভাইয়েরা (সালাম, বরকত, রফিক, জব্বার) সহ নাম না জানা শহীদের আত্মত্যাগ এবং তরুণ-ছাত্র-যুবকের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। তাদের সেই সংগ্রাম এবং আত্মত্যাগ জাতি হিসেবে আমাদের আজ পৃথিবীর ইতিহাসে অবিস্মরণীয় করেছে। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে ২০০০ সাল থেকে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে সারা বিশ্বে। দিনটির গুরুত্ব তুলে ধরে অত্র জেলা সহ দেশের সর্বস্তরের জনগনকে. উক্ত শহীদ ও শহীদ পরিবারের জন্য দোয়া ও প্রর্থনা করতে বলেছে।

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড়