ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা আর বাংলা ভাষার মমতায় মুখর হয়ে উঠেছিল সংযুক্ত আরব আমিরাতের শারজা। মহান অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশটিতে বসবাসরত প্রবাসী শিশুদের নিয়ে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ‘উচ্ছ্বাস সংগীত নিকেতন’।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আয়োজিত এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বিদেশি সংস্কৃতির প্রবল চাপের মাঝেও প্রবাসী কচি-কাঁচার কণ্ঠে ফুটে ওঠে বাংলা কবিতার ছন্দ আর দেশাত্মবোধক গানের সুর। প্রবাসের ব্যস্ত জীবনেও শিশুদের মাঝে দেশীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ প্রবাসী বাংলাদেশিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিল্পী তিথি সরকার ও রাজিব সাহা। প্রতিষ্ঠানের পরিচালক ও সংগীত শিল্পী বঙ্গ শিমুল জানান, তাদের মূল লক্ষ্য হলো প্রবাসে বেড়ে ওঠা শিশুদের শেকড়ের সন্ধান দেওয়া এবং বিশ্ব দরবারে বাংলা সংস্কৃতির মর্যাদা তুলে ধরা। তিনি মনে করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমেই বিদেশের মাটিতে বাংলা ভাষার ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে।
সাফল্যের সাথে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ সহযোগিতার জন্য প্রসেনজিৎ চৌধুরী, পাপড়ি মল্লিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আয়োজকদের প্রত্যাশা, প্রতি বছর এভাবেই বিদেশের মাটিতে অমর হয়ে থাকবে বাঙালির প্রাণের ভাষা বাংলা।