সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, প্রবাসীদের যেসব সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে, সেগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী বলেন, অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে বিমানবন্দরসংক্রান্ত নানা বিষয় সরকারের পরিকল্পনার অংশ। শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। দেশের অগ্রযাত্রা এগিয়ে নেওয়ার জন্য পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, দলের নির্বাচনি ইস্তেহারে প্রবাসীদের কল্যাণে নানা পদক্ষেপের কথা বলা হয়েছে। প্রবাসী জনগোষ্ঠীর জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কার্যকর পরিকল্পনা প্রণয়ন করা হবে।
মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সিলেট সফরে এসে তিনি জানান, প্রথম দিনটি মায়ের সঙ্গে কাটাবেন এবং হজরত শাহজালাল ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। পরদিন নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মপরিকল্পনা নির্ধারণ করবেন।
এর আগে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর ২টা ১৫ মিনিটে ৫ দিনের সরকারি সফরে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী।
-বেলাল









