থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে গতকাল পাকিস্তানকে রীতিমতো উড়িয়েই দিয়েছে বাংলাদেশ নারী দল। লো-স্কোরিং ম্যাচে পাকিস্তানকে ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। শিরোপা নির্ধারণী ম্যাচে রোববার ভারতের মেয়েদের মুখোমুখি হবে ফাহিমা খাতুনের বাংলাদেশ।
ব্যাংককের টেরডথাই ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রানের সংগ্রহ পায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান আসে অধিনায়কের ব্যাট থেকেই। ৩২ বলের লড়াকু ইনিংসে ৫টি চার হাঁকান ফাহিমা। এছাড়া শারমিন সুলতানা ১৫, শামীমা সুলতানা ১৩ এবং ওপেনার ইশমা তানজিম ১২ রান করেন। আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
পাকিস্তানের হয়ে বল হাতে হাফসা খালিদ ২টি এবং ওয়াহিদা আক্তার, মমিনা রিয়াসাত, আনোশা নাসির ও ওমাইমা সোহেল একটি করে উইকেট নেন।
১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপে পড়ে পাকিস্তানের মেয়েরা। মেঘলা-ফাহিমাদের দারুণ বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি তারা। মাত্র ১৬.৪ ওভারে ৫৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। দলটির হয়ে শাওয়াল জুলফিকার সর্বোচ্চ ১৪, হাফসা ১২ এবং ইউসরা আমির ১১ রান করেন। বাকিরা ছিলেন কেবল আসা-যাওয়ার মিছিলে।
বাংলাদেশের হয়ে বল হাতেও উজ্জ্বল ছিলেন ফাহিমা খাতুন, নেন ২টি উইকেট। সানজিদা আক্তার মেঘলাও শিকার করেন ২ উইকেট। এছাড়া ফারিয়া তৃষ্ণা, ফাতেমা জাহান এবং ফারজানা ইয়াসমিন একটি করে উইকেট নিয়ে দলের বিশাল জয় নিশ্চিত করেন।
রোববার শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দিনের প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত নারী দল। ব্যাংককের টেরডথাই ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে শিরোপার এই লড়াই।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ নারী ‘এ’ দল: ২০ ওভারে ১১০/৮
(ফাহিমা ৩২, শারমিন ১৫, শামীমা ১৩)
(হাফসা ২/২৫)
পাকিস্তান নারী ‘এ’ দল: ১৬.৪ ওভারে ৫৬/১০
(শাওয়াল ১৪, , হাফসা ১২)
(সানজিদা ৩/৬, ফাহিমা ২/৬)
ফল: বাংলাদেশ নারী ‘এ’ দল ৫৪ রানে জয়ী
-মামুন










