ভোটের চাপ কমতেই এনআইডি সেবায় গতি

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় জমে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেনের সই করা আদেশ থেকে জানা যায়, নির্বাচনী কার্যক্রম ও গণভোটকে ঘিরে সংশোধন কার্যক্রম সীমিত থাকায় বিপুলসংখ্যক আবেদন অনিষ্পন্ন অবস্থায় জমে আছে। এসব আবেদন দ্রুত নিষ্পত্তিতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, জন্মতারিখ সংক্রান্ত যেসব আবেদন আগে ‘ক-১’ থেকে ‘গ’ ক্যাটাগরিতে শ্রেণিভুক্ত ছিল, সেগুলোর পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের (এআরইও) কাছে পাঠাতে হবে।
পরবর্তী ধাপে, প্রাপ্ত তালিকার ভিত্তিতে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট আবেদনের ক্যাটাগরি পরিবর্তন করে ‘ঘ’ ক্যাটাগরিতে উন্নীত করবেন।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে এনআইডি সংশোধন কার্যক্রম সীমিত থাকায় বর্তমানে জমে থাকা আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তি করতে হবে।
এদিকে আবেদনগুলো ‘ঘ’ ক্যাটাগরিতে উন্নীত হলে মাঠ পর্যায়ে থাকা এসব ফাইল জাতীয় পরিচয়পত্রের মহাপরিচালকের অধীনে ন্যস্ত হবে। ফলে তিনি সরাসরি আবেদনগুলো নিষ্পত্তি করবেন বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তিতে গতি আসবে এবং সেবা প্রার্থীদের ভোগান্তি কমবে।
-এজাজ আহম্মেদ