ভোটার দিবসের প্রস্তুতিতে ব্যস্ত ইসি, চলছে নির্বাচন পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম

জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী আনুষ্ঠানিকতা শেষ করে এবার জাতীয় ভোটার দিবসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ২ মার্চ অনুষ্ঠিতব্য ৮ম জাতীয় ভোটার দিবসকে সামনে রেখে ইতোমধ্যে কেন্দ্রীয়ভাবে ১০টি উপ-কমিটি গঠন করা হয়েছে।

ইসি সূত্র জানায়, দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে নির্বাচন ভবনসহ আশপাশের এলাকায় আলোকসজ্জা, র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে। এছাড়া দেশের নিবন্ধিত সব রাজনৈতিক দলের প্রধানদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনাও রয়েছে।

এদিকে সংসদ নির্বাচন ঘিরে কমিশনের নির্বাচন পরবর্তী দাপ্তরিক কার্যক্রমও চলমান রয়েছে। নির্বাচিত সংসদ সদস্যদের চূড়ান্ত তথ্য সংরক্ষণ, ফলাফলের নথিপত্র সংকলন এবং প্রশাসনিক প্রতিবেদন প্রস্তুতের কাজ এগিয়ে চলছে বলে জানা গেছে।

পাশাপাশি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আয়োজনের প্রস্তুতিও নিচ্ছে কমিশন। তফসিল ঘোষণার প্রাথমিক কাজ চলছে। একই সঙ্গে একাধিক আসনে নির্বাচিত প্রার্থীদের ছেড়ে দেওয়া শূন্য আসনগুলোতে উপনির্বাচনের বিষয়েও প্রাথমিক পরিকল্পনা হাতে নিয়েছে সংস্থাটি।

ইসি কর্মকর্তারা জানান, নির্বাচন পরবর্তী সামগ্রিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার পাশাপাশি ভবিষ্যৎ নির্বাচনগুলো সময়মতো আয়োজনই এখন কমিশনের প্রধান অগ্রাধিকার।

-এজাজ আহম্মেদ