নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের বদলি বাণিজ্য বা সিন্ডিকেটের স্থান নেই এবং থাকবে না। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তিনি নতুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সচিবালয়ে দ্বিতীয় কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, আগের মন্ত্রীত্বের সময় তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না, তাই মন্ত্রণালয়ে দুর্নীতি কোনোভাবেই স্থান পাবে না। তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো অ্যাপভিত্তিক করা হবে এবং শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত বই পৌঁছে দেওয়া হবে। এছাড়া শিক্ষা কারিকুলাম রিভিউ করে আধুনিকায়ন করা হবে।
এছাড়া শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, দেশে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও সরকারি নিয়মের আওতায় আনা হবে এবং কোনো অপরাধের ক্ষেত্রে তাদেরও শাস্তির আওতায় আনা হবে। অতীতের মতো মব করে অটো পাস দেওয়া, পরীক্ষা বন্ধ করা বা শিক্ষকরা রাজনৈতিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ আর দেওয়া হবে না। লক্ষ্য হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করে আরও কার্যকর ও মানসম্মত করা।
-এমইউএম









