ট্রাইব্যুনালে হাজির মেনন ও কামরুল: অভিযোগ গঠন শুনানি ২ মার্চ

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আগামী ২ মার্চ এই দুই রাজনৈতিক নেতার বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্য হলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। সকালে কড়া নিরাপত্তায় কারাগার থেকে প্রিজনভ্যানে করে এই দুই প্রভাবশালী নেতাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

শুনানিতে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম মামলার গুরুত্ব তুলে ধরে অভিযোগ গঠনের বিষয়ে প্রস্তুতির জন্য সময়ের আবেদন করেন। এর আগে গত ৩ ফেব্রুয়ারি প্রসিকিউশন পক্ষ এই দুই নেতার বিরুদ্ধে ২৩ জনকে হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছিল। আদালত সেই অভিযোগ আমলে নিয়ে বৃহস্পতিবার তাদের সশরীরে হাজিরের নির্দেশ দিয়েছিলেন।

রাশেদ খান মেনন ২০২৪ সালের ২২ আগস্ট রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে বিভিন্ন হত্যা মামলায় তাকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়েছিল।

কামরুল ইসলাম গত বছরের ১৮ নভেম্বর উত্তরা থেকে গ্রেপ্তার হন সাবেক এই খাদ্যমন্ত্রী।

জুলাই হত্যাকাণ্ডের বিচারে গঠিত এই বিশেষ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে এই শুনানির দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে দেশবাসী।

লামিয়া আক্তার