আপনারা যে আমারে মাননীয় মন্ত্রী কন, আমি তো জনগণের কামলা: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ আসনের ষষ্ঠবারের সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেইন কায়কোবাদ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি সভাপতিত্ব করেন চাঁদ দেখা কমিটির সভায়, যেখানে ঘোষণা আসে রমজান মাস শুরুর। সেই সময় তিনি বলেন, কেউ তাকে ‘মাননীয় মন্ত্রী’ বললে তিনি ব্যথিত হন।

কায়কোবাদ কুমিল্লার আঞ্চলিক ভাষায় বলেন, “আসলে আপনারা যে আমারে মাননীয় মন্ত্রী কন, আমি তো জনগণের কামলা। মাননীয় মন্ত্রী কইলে খারাপ লাগে, কারণ জনগণ আমারে ভোট দিয়া বানাইসে কাম করনের লাইগা। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দিয়েছেন জনগণের কামলা হিসেবে, তাদের কাজ করার জন্য।”

তিনি আরও বলেন, “পবিত্র রমজান মাসে আপনারা ২ রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন, যেন আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, সহি বুঝ দান করেন, আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী দেশটাকে চালাতে পারি।”

দায়িত্ব নেয়ার প্রথম দিনে তিনি মন্ত্রী পরিষদের বৈঠকে অংশ নেন, ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং চাঁদ দেখা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন।

-এমইউএম