মেরে ফেললে মেরে ফেলুক, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য তিনি মুখ বন্ধ করবেন না। “আমাদের মেরে ফেললে মেরে ফেলুক, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাবো,” তিনি যোগ করেন।

সদ্য শেষ হওয়া জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী হিসেবে পাটওয়ারী বলেন, নির্বাচনের সময় তার কাছে অনেক ক্রিমিনাল, ব্যবসায়ী ও প্রশাসনের লোক এসেছিল বিভিন্ন প্রস্তাব নিয়ে। কেউ বলেছে “আমাদের সঙ্গে ডিল করো”, কেউ বলেছে “মুখ বন্ধ করো, আমরা তোমাকে জিতিয়ে দেব।” কিন্তু তিনি কারও সঙ্গে আপস করেননি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তারাবির নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, চাঁদাবাজদের বিরুদ্ধে ভ্যানগার্ড হয়ে রমজানে তাদের কাছে হেদায়েতের দাওয়াত দেবেন। “যেসব লোক সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি করে, আমরা তাদের পথ দেখাব,” বলেন পাটওয়ারী।

তিনি আরও সতর্ক করেন, ভবিষ্যতে কেউ যদি ঢাকা-৮ আসনে ভোট চুরি করতে আসে, সে যেই হোক স্ত্রী বা ভাতিজা তাদের হাত-পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন। তিনি এটিকে ওসমান হাদির স্বপ্নের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার প্রয়াস হিসেবে উল্লেখ করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে প্রার্থী হবেন কি না জানতে চাইলে পাটওয়ারী বলেন, “নির্বাচন আমাদের মূল টার্গেট নয়। আমাদের লক্ষ্য সিস্টেম পরিবর্তন। আমরা সেটির জন্য কাজ করে যাব।”

-এমইউএম