অনুমতি ছাড়া অন্তরঙ্গ ছবি ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণে বাধ্য করবে যুক্তরাজ্য, না মানলে জরিমানা

ছবি: সংগৃহীত

অনলাইনে অনুমতি ছাড়া প্রকাশিত ব্যক্তিগত অন্তরঙ্গ ছবি ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে প্রযুক্তি কোম্পানিগুলোকে বাধ্যতামূলক নির্দেশনা দিতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে কোম্পানিগুলোকে তাদের বৈশ্বিক আয়ের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে, এমনকি সেবা বন্ধ করে দেওয়ার ঝুঁকিও থাকবে।

সরকার জানিয়েছে, পার্লামেন্টে চলমান আইনে সংশোধনী এনে বড় প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর ওপর আইনগত দায়িত্ব আরোপ করা হবে, যাতে অভিযোগ পাওয়ার সর্বোচ্চ দুই দিনের মধ্যে অনুমতিবিহীন অন্তরঙ্গ ছবি সরিয়ে ফেলা হয়। বর্তমানে এ ধরনের ছবি প্রকাশ করা যুক্তরাজ্যে অবৈধ হলেও ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, অনেক ক্ষেত্রে প্ল্যাটফর্মগুলো থেকে স্থায়ীভাবে কনটেন্ট সরাতে জটিলতা তৈরি হয়।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টার্মার এক বিবৃতিতে বলেন, “নারী ও কিশোরীদের বিরুদ্ধে সহিংসতার বিরুদ্ধে ২১ শতকের লড়াইয়ের সামনের সারি এখন অনলাইন দুনিয়া।”

সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টুল ব্যবহার করে দ্রুত ভুয়া বা যৌনভাবে স্পষ্ট ছবি তৈরি ও ছড়িয়ে দেওয়ার ঘটনা বাড়ায় অনলাইন নিরাপত্তা নিয়ে দেশজুড়ে বিতর্ক তীব্র হয়েছে। সরকার ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপের বিষয়টিও বিবেচনা করছে, যা অস্ট্রেলিয়ার পদক্ষেপের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা অফকম জানিয়েছে, অবৈধ অন্তরঙ্গ ছবি শেয়ার করার ঘটনাকে শিশু যৌন নির্যাতন বা সন্ত্রাসী কনটেন্টের মতোই গুরুতর হিসেবে বিবেচনার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। নতুন নিয়মে ভুক্তভোগীকে একবার অভিযোগ জানালেই হবে; প্ল্যাটফর্মগুলোকে একই ছবি বিভিন্ন সেবায় সরানো এবং পুনরায় আপলোড ঠেকাতে ব্যবস্থা নিতে হবে।

অফকম আরও জানায়, অবৈধ ছবি উৎস পর্যায়েই ব্লক করতে “হ্যাশ-ম্যাচিং” প্রযুক্তি ব্যবহারের বাধ্যবাধকতা আরোপের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী মে মাসে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে এবং গ্রীষ্মের মধ্যেই নতুন বিধান কার্যকর হতে পারে।

সূত্র: রয়টার্স

সাবরিনা রিমি/