তেহরানে রহস্যজনক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড, আতঙ্কে বাসিন্দা

ইরানের রাজধানী তেহরানের উপকণ্ঠে অবস্থিত পারান্দ শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে।

পারান্দ এলাকাটি বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনার নিকটবর্তী হওয়ায় এই ঘটনাটি দ্রুত জনমনে চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, পারান্দ শহরের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে এবং দূর থেকেও সেই ধোঁয়ার কুণ্ডলী স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও সরকারি পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি ব্যাখ্যা করা হয়েছে। পারান্দ ফায়ার সার্ভিসের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই আগুনের সূত্রপাত মূলত পারান্দ নদীর তীরের বিস্তীর্ণ নলখাগড়ার বন থেকে হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অগ্নিনির্বাপক বাহিনীর বেশ কয়েকটি ইউনিট বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে যাচ্ছে। কৌশলগতভাবে সংবেদনশীল এলাকার কাছাকাছি এই আগুন লাগলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

-সাইমুন