নতুন যাত্রা শুরু করছে সাবেক প্রেস ও ডেপুটি প্রেস সচিব

সদ্য সমাপ্ত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষে পেশাদার সাংবাদিকতায় নতুন মোড় নিলেন সাবেক প্রেস সচিব মো. শফিকুল আলম ও ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার। খুব শীঘ্রই যাত্রা শুরু করতে যাওয়া ইংরেজি দৈনিক পত্রিকা ‘দ্য ডেইলি ওয়াদা’ (The Daily Waadaa)-এর শীর্ষ দুই পদে যোগ দিয়েছেন তারা। আজ বুধবার পৃথক ফেসবুক বার্তার মাধ্যমে তাঁরা এই নতুন যাত্রার কথা নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি-তে সুনামের সাথে কাজ করা শফিকুল আলম ‘দ্য ডেইলি ওয়াদা’-র সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব হিসেবে কঠিন সময় পার করার পর তিনি পুনরায় কলম ধরলেন। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “আমি ইংরেজি দৈনিক দ্য ডেইলি ওয়াদার সম্পাদক হিসেবে যোগদান করেছি। আমার এই নতুন পথচলায় আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করছি।”
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিবের দায়িত্ব সফলভাবে পালন শেষে সাংবাদিকতায় ফিরেছেন আজাদ মজুমদার। তিনি ‘দ্য ডেইলি ওয়াদা’-র নির্বাহী সম্পাদক হিসেবে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, সরকারি দায়িত্ব পালনের অভিজ্ঞতা ছিল অমূল্য, তবে এখন পেশাদার সততা ও নীতি বজায় রেখে সত্যের সন্ধানে কাজ করে যেতে চান তিনি।
আজাদ মজুমদার তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকার শপথ গ্রহণের মধ্য দিয়েই তার সরকারি দায়িত্ব সমাপ্ত হয়েছে। তিনি তার দীর্ঘ ক্যারিয়ারের উত্তেজনা, চ্যালেঞ্জ এবং বিজয়ের অভিজ্ঞতাসমূহ সারাজীবন বহন করবেন বলে জানান।
নতুন এই ইংরেজি দৈনিকটির নাম ‘ওয়াদা’ হওয়ায় সচেতন মহলে এটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে শফিকুল আলম ও আজাদ মজুমদারের মতো অভিজ্ঞ দুই ব্যক্তির হাত ধরে পত্রিকাটি দেশের গণমাধ্যম জগতে কতটুকু নিরপেক্ষতা ও পেশাদারিত্বের ছাপ রাখতে পারে, তা-ই এখন দেখার বিষয়।
লামিয়া আক্তার