টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়মরক্ষার ম্যাচে চারটি পরিবর্তন এনে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। বদলানো একাদশ নিয়েও দাপট দেখিয়ে তারা ৪০ বল হাতে রেখে ৬ উইকেটে জয় তুলে নেয়। গ্রুপের চার ম্যাচেই জিতে সুপার এইটের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে প্রোটিয়ারা। এবার সুপার এইটে হচ্ছে গত আসরের ফাইনালের পুনরাবৃত্তি প্রতিপক্ষ ভারত।
এই ম্যাচে জেসন স্মিথ, কেনা মাফাকা ও আনরিখ নর্কিয়েকে প্রথমবারের মতো সুযোগ দেওয়া হয়। দলে ফেরানো হয় জর্জ লিন্ডেকেও। বিশ্রাম পান ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশভ মহারাজ ও লুঙ্গি এনগিডি।
টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত কার্যকর প্রমাণিত হয়। দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রিত বোলিংয়ে আমিরাত ৮ উইকেটে মাত্র ১২২ রান করতে সক্ষম হয়। পাওয়ার প্লের শেষ দুই ওভারে চার রানের ব্যবধানে দুটি উইকেট তুলে নিয়ে চাপ তৈরি করে প্রোটিয়ারা। ৪২ রানের মধ্যে মোহাম্মদ ওয়াসিম (২২) ও আরিয়ানশ শর্মা (১৩) আউট হন।
এরপর আলিশান শারাফু একাই লড়াই করেন। ৩৮ বলে ৪৫ রান করে ১৮তম ওভারে বিদায় নেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে করবিন বশ সর্বোচ্চ তিন উইকেট নেন, চার ওভারে দেন মাত্র ১২ রান। নর্কিয়ে নেন দুটি এবং লিন্ডে একটি উইকেট।
১২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ২ উইকেটে ৫৬ রান তোলে দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করাম (২৮) ও কুইন্টন ডি কক (১৪) বড় ইনিংস খেলতে পারেননি। রায়ান রিকেলটন (৩০) ও ডেভাল্ড ব্রেভিস (৩৬) দলকে জয়ের পথে এগিয়ে নিলেও ছয় বলের ব্যবধানে দুজনেই আউট হন। শেষ পর্যন্ত ট্রিস্টান স্টাবস (৬*) ও স্মিথ (৩*) অপরাজিত থেকে ১৩.২ ওভারে ৪ উইকেটে ১২৩ রান তুলে দলকে জয় এনে দেন।
চার ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। আগামী রোববার সুপার এইটে ভারতের মুখোমুখি হবে তারা।
-এমইউএম










