গেল ১২ ফেব্রুয়ারি সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে সর্বাধিক আসন জয় করে সরকার গঠন করেছে বিএনপি। মন্ত্রিপরিষদও দায়িত্ব বুঝে নিয়েছে। এর প্রেক্ষিতে দেশের সাধারণ মানুষের মৌলিক চাহিদা নিয়ে মত দিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
নিজের ফেসবুক পোস্টে জ্যোতি লিখেছেন, “এতো জায়গা-পদ নিয়ে কাড়াকাড়ি-মারামারি কেন? জনগণের সেবার জন্য, দেশের কল্যাণের জন্য আমরা তো আছি কেমন? আমাদের বেসিক প্রয়োজনগুলো নিশ্চিত করুন। আমরা কোনো প্রশ্নই তুলব না। যেমন শিক্ষা, চিকিৎসা, সড়ক ব্যবস্থা, দ্রব্যমূল্য এসব সহজ হিসাব।”
তিনি আরও উল্লেখ করেছেন, “১৫০০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতালে ৫ হাজারেরও বেশি রোগী। নার্স অল্প, ডাক্তার হাতে গোনা। তাহলে কীভাবে সবাইকে চিকিৎসা দেওয়া সম্ভব? যে রাস্তা দিয়ে আমরা চলাচল করি, সেখানে সুস্থ সবল মানুষও অসুস্থ হয়ে যাবে। বয়স্ক, অসুস্থ্য ও গর্ভবতী মা-দের অবস্থা কেমন হয়, আল্লাহই জানেন।”
জ্যোতি মন্তব্য করেছেন, “এই বিষয়ে কথা বলেন না আমরা দেশের মানুষ সত্যিই অনেক বোকা। সহজে খুশি হয়ে যাই। আমাদের দৈনন্দিন প্রয়োজনগুলো ঠিক করে দিন, বাকিটা যা করতে চান করুন, আর আমরা প্রশ্ন তুলব না।”
-এমইউএম










