পালমেইরাস থেকে রিয়াল মাদ্রিদে আগমন বড় স্বপ্ন ছিল ব্রাজিল স্ট্রাইকার এন্দ্রিকের জন্য। তবে ১৯ বছর বয়সি এই তরুণ মাসের পর মাস বেঞ্চে বসে থাকতে হয়, ফলে শেষ পর্যন্ত তাকে ফরাসি ক্লাব লিওঁতে ঋণ চুক্তিতে পাঠানো হয়।
সোমবার লিওঁতে আনুষ্ঠানিকভাবে পরিচয় করানো হয় এন্দ্রিককে। এসময় তিনি বর্তমান কোচ পাওলো ফনসেকা-র সঙ্গে পালমেইরাসে তাঁর সাবেক কোচ আবেল ফেরেইরা-র তুলনা করেন। এন্দ্রিক জানান, লিওঁতে যাওয়ার পেছনে তাঁকে উৎসাহ দিয়েছেন ব্রাজিলের হেডকোচ কার্লো আনচেলত্তি।
এন্দ্রিক বলেন, “রিয়াল ছাড়ার এবং নতুন ক্লাবে যোগ দেওয়ার বিষয়ে আমি আনচেলত্তির সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে দিকনির্দেশনা দিয়েছেন কি করা উচিত এবং কোথায় গেলে আমি আরও গেমটাইম পাব এবং সুখে থাকতে পারব। তিনি একজন গ্রেট কোচ।”
২০২৬ সালের বিশ্বকাপের ব্রাজিল হেক্সা মিশনে এন্দ্রিক আনচেলত্তির রাডারে রয়েছেন। নতুন ক্লাব লিওঁতে এখনও কাগজপত্র সম্পন্ন হয়নি; সব ঠিক থাকলে আগামী ১১ জানুয়ারি, লিলের বিপক্ষে ফ্রেঞ্চ কাপের ম্যাচে নতুন ক্লাবের হয়ে অভিষেক হতে পারে তার।
– এমইউএম/










