দারুণ ছন্দে আছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ৩৮ বছর বয়সেও গোল করছেন, করাচ্ছেন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালের হয়ে তার এই পারফরম্যান্সই নতুন করে প্রশ্ন তুলেছে আসন্ন বিশ্বকাপে কি আবারও আকাশী-সাদা জার্সিতে দেখা যাবে এই কিংবদন্তিকে? অবসর ভেঙে কি তিনি ফিরবেন জাতীয় দলে?
আর্জেন্টিনার লিগে সর্বশেষ ম্যাচে বারাকা সেন্ট্রালের বিপক্ষে ২-০ গোলের জয়ে একটি গোল করেন ডি মারিয়া। এর আগের দুই ম্যাচেও সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন তিনি। ৩৮ বছর বয়সের পর রোসারিও সেন্ট্রালের হয়ে গোল করা হাতে গোনা কয়েকজন খেলোয়াড়ের একজন এখন ডি মারিয়া। এতে স্পষ্ট, এখনো ফুরিয়ে যাননি তিনি।
এই পারফরম্যান্স ঘিরে সমর্থক থেকে শুরু করে আর্জেন্টিনার সাবেক ফুটবলারদের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। ১৯৭৮ বিশ্বকাপজয়ী সাবেক গোলরক্ষক উবালদো মাতিলদা ফিল্লোল মনে করেন, ডি মারিয়ার ফেরার সম্ভাবনা রয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি জানান, কোচিং স্টাফ ও কয়েকজন খেলোয়াড় নাকি তাকে জাতীয় দলে ফেরার জন্য উৎসাহিত করছেন। তার বিশ্বাস, পরবর্তী বিশ্বকাপে ডি মারিয়াকে দলে দেখা যেতে পারে।
ফিল্লোল আরও বলেন, বর্তমান ফর্ম বিবেচনায় তাকে দলে ফেরাতে রাজি করানো সম্ভব। তার মতে, ডি মারিয়ার এখনো গতি আছে, ক্ষুধা আছে এবং তিনি নিয়মিত গোল করছেন।
তবে সমর্থকদের মত এক নয়। কেউ মনে করছেন, জাতীয় দলের সঙ্গে তার বিদায়টাই ছিল সেরা সমাপ্তি। আবার অনেকে বলছেন, আর্জেন্টিনা যদি আবার বিশ্বচ্যাম্পিয়ন হতে চায়, তাহলে ডি মারিয়ার অভিজ্ঞতা দলে থাকা জরুরি। কেউ কেউ চান, নিয়মিত একাদশে না খেললেও অন্তত দলের সঙ্গে থাকুন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে জাতীয় দল থেকে অবসর নেন ডি মারিয়া। আর্জেন্টিনার হয়ে ১৪৫ ম্যাচে ৩১ গোল করেছেন তিনি। কোপা আমেরিকা ও বিশ্বকাপ দুই টুর্নামেন্টের ফাইনালেই গোল করে শিরোপা জয়ে বড় অবদান রাখেন এই তারকা।
-এমইউএম










