ভোটার হওয়ার মাত্র ৫৩ দিনের মাথায় দেশের প্রধানমন্ত্রী

ভোটার হওয়ার মাত্র ৫৩ দিনের মাথায় দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে অল্প সময়ের মধ্যেই ভোটার থেকে সরকারপ্রধান এই অভূতপূর্ব যাত্রা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে প্রথম।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হন তিনি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে প্রথমে সংসদ সদস্য হিসেবে শপথ নেন। পরে সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়ে আগামী পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তবে আইনি বাধ্যবাধকতার কারণে জয়ী দুটি আসনের মধ্যে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবেই সংসদে প্রতিনিধিত্ব করবেন এবং মন্ত্রিসভার নেতৃত্ব দেবেন। বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করায় সেখানে শিগগিরই উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

২০২৫ সালের ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার মাত্র দু’দিন পর, অর্থাৎ ২৭ ডিসেম্বর তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। ইসির তথ্য অনুযায়ী, ভোটার হওয়ার ৫৩ দিনের মধ্যেই তিনি দেশের সর্বোচ্চ নির্বাহী পদে আসীন হলেন।

ইসি সচিব আখতার আহমেদ জানান, ২৭ ডিসেম্বর তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করেন। প্রবাসে থেকেও ভোটার হওয়ার সুযোগ থাকলেও তিনি দেশে এসেই ভোটার হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

ইসি সূত্রে জানা গেছে, গুলশান অ্যাভিনিউয়ের ১৯ নম্বর ওয়ার্ডের একটি ঠিকানাকে স্থায়ী ঠিকানা এবং ধানমন্ডির ১৫ নম্বর এলাকাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করেছেন তিনি। এর আগে তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও একই ঠিকানায় ভোটার হিসেবে নিবন্ধিত হন।

-এমইউএম